বিসিএস নন-ক্যাডার নিয়োগে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ‘নতুন নিয়ম’ বাদ দিয়ে আগের পদ্ধতিতেই নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে ৪০তম বিসিএস পরীক্ষায় অপেক্ষমাণ নন-ক্যাডার প্রার্থীরা।
নতুন নিয়মকে ‘বেকার বিরুদ্ধ ও অযৌক্তিক’ বলে ছয় দফা দাবিও জানিয়েছেন তারা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্যারিস রোডে এক সমাবেশ ও মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
‘বিসিএস উত্তীর্ণ নন-ক্যাডার সুপারিশ প্রত্যাশীদের’ ব্যানারে ডাকা এই মানববন্ধনে প্রায় অর্ধ শতাধিক লোক অংশ নেন। অবিলম্বে ছয় দফা দাবি মেনে নিতে তাঁরা সরকার ও পিএসসির প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রার্থীদের ছয় দফা দাবি হলো, বিজ্ঞপ্তির পরে ৪০-৪৪তম বিসিএস পর্যন্ত বিজ্ঞপ্তির তারিখওয়ারি নন-ক্যাডার পদ বিভাজনের মাধ্যমে পদসংখ্যা নির্ধারণের বেকার বিরুদ্ধ ও অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল, ৪০তম বিসিএস নন-ক্যাডারের পদ ৩৬, ৩৭ ও ৩৮তম বিসিএসকে দেওয়ার অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ইতিহাসের দীর্ঘকালীন ৪০তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের মধ্য থেকে সর্বোচ্চসংখ্যক প্রার্থীকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করা, যে প্রক্রিয়া অনুসরণ করে পিএসসি ৩৪-৩৮তম বিসিএস নন-ক্যাডার তালিকা প্রকাশ করেছে, সেই একই প্রক্রিয়ায় বর্তমানে উদ্ভূত সমস্যার সমাধান, ‘যার যা প্রাপ্য, তাকে তা-ই দেওয়া হবে’ পিএসসির এমন বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা ও বেকারত্ব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করে বেকার বান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়ন এবং গত এক যুগে পিএসসি যে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও বেকারবান্ধব প্রতিষ্ঠান ছিল, সেই ধারা অব্যাহত রাখা।
নাম প্রকাশ না করার শর্তে এক চাকুরী প্রত্যাশী বলেন, ‘৪০তম বিসিএস এর সার্কুলার অনুযায়ী তখন থেকে এ পর্যন্ত যতগুলো পদ এসেছিলো সেগুলো অলরেডি ৩৬, ৩৭ এবং ৩৮তম বিসিএস ননক্যাডারদের দেয়া হয়েছে।
মেধামী সমাজ যারা হয়তো এখনো বিসিএস দেন নাই অথবা যারা দিয়েছেন কিন্তু নন-ক্যাডারে যারা এখনো আসেন নাই তারা এখনো বুঝতে পারছেন না কোন ধোয়াসার মধ্যে আছেন।
আগামী ৫ বছর একটা ননক্যাডারও নিয়োগ হবার সম্ভাবনা নেই। সেখানে একজন ছেলে বা মেয়ে ন্যূনতম ৪ বছর পরিশ্রম করে যখন জানতে পারে তাকে খালি হাতে তাকে ফিরে আসতে হবে, তখন তার দরিদ্র বা অসহায় পরিবার বুঝতে পারে তা কতটা মর্মমান্তিক এবং কষ্টের।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।