আফ্রিকার দেশ চাদে বন্যকবলিত হয়ে পড়েছেন ১০ লাখের বেশি মানুষ। বিরল এই বন্যার কারণে বিপর্যস্ত বিস্তৃত অঞ্চল। এমন অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির নেতা মহামত ইদ্রিস ডেবি ইটনো।

চাদের দক্ষিণ ও মধ্য অঞ্চলে ভারি বৃষ্টিপাতের জন্য সৃষ্ট এই বন্যায় দেশের ২৩টি প্রদেশের মধ্যে ১৮টিতে আঘাত করেছে। ডেবি ইটনো জানিয়েছেন, দশ লাখের বেশি মানুষকে বন্যা প্রভাবিত করেছে।

তবে এখন পর্যন্ত কেউ বন্যার কারণে মারা যায়নি। তিনি জানান, বন্যার পানি ৪ লাখ ৬৫ হাজার হেক্টরের বেশি ক্ষেত এবং ১৯ হাজার গবাদি পশুর ক্ষতি করেছে।

প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি আরও ভালভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। পরিস্থিতিকে ‘ক্রমবর্ধমান উদ্বেগজনক’ বলে অভিহিত করে প্রেসিডেন্ট ডেবি বলেন, সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে রাজধানী এন’জামেনা এবং আশেপাশের এলাকা।

জাতিসংঘের মানব উন্নয়ন সূচকের বেঞ্চমার্ক অনুসারে চাদ বিশ্বের তৃতীয় দরিদ্রতম দেশ। জাতিসংঘ বলেছে যে, চাদের ৫৫ লাখ মানুষের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।