শরীয়তপুরের গোসাইরহাটে ব্রিজের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চের ধাক্কায় ৩ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২ জন। রোববার (২৩ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের সাইক্ষ্যা ব্রিজে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্বর্ণদ্বীপ প্লাস নামে একটি লঞ্চ রাতে ঢাকা থেকে ডামুড্যার উদ্দেশে ছেড়ে আসে। লঞ্চটি গোসাইরহাটে পৌঁছে সাইক্ষ্যা ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে।

এতে লঞ্চে থাকা পানির ট্যাংক ফেটে নিচে যাত্রীদের উপর পড়ে। ঘটনাস্থলেই লঞ্চের তিন যাত্রীর প্রাণহানি হয় এবং দুজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়।

এর মধ্যে একজনকে ঢাকা পাঠানো হয়েছে। নিহতরা হলেন- জামালপুরের বোরহান আলীর ছেলে সাগর আলী, টাঙ্গাইলের নাজিম উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও গোসাইরহাটের শাহ আলী মোল্লার ছেলে তানজিল।

এ সময় আহত হন হিরা, সাগর রাব্বি নামে দুজন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোসাইরহাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।