২০২১ সাল থেকে এখন পর্যন্ত নতুন জঙ্গি সংগঠনে যোগ দিতে ঘর ছেড়েছেন ৭০ থেকে ৮০ যুবক। তাদের উদ্দেশ্য পাহাড়ে শক্ত অবস্থান তৈরি, নিরাপদ সামরিক ট্রেনিং, দেশে নাশকতা সৃষ্টির মাধ্যমে উগ্রবাদী ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা।

তারা নতুন জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার হয়ে এ কাজ করেছেন।

এ তথ্য জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে পাঁচ জঙ্গি গ্রেপ্তার-সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বলেন, এই সংগঠনের উদ্দেশ্য মূলত জঙ্গিবাদের জন্য সদস্য রিক্রুট, অর্থ সংগ্রহ, সশস্ত্র সামরিক ট্রেনিং, আধুনিক অস্ত্র ক্রয়সহ বিশাল জঙ্গি বাহিনী গঠন করা।

উদ্দেশ্য পূরণে তারা দেশব্যাপী ২০২১ সাল থেকে এখন পর্যন্ত ৭০ থেকে ৮০ জন যুবককে এই সংগঠনের সদস্য করেছেন।

এর আগে উগ্রবাদী জঙ্গি সংগঠন জামায়াতুল আসনার হিন্দাল শারক্কিয়ার ৫ সদস্যকে গ্রেপ্তারের তথ্য জানান তিনি। বলেন, বুধবার রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- আব্দুল্লাহ, তাজুল ইসলাম, জিয়াউদ্দিন, হাবিবুল্লাহ ও মাহমুদুল হাসান। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং ফতোয়া-সংক্রান্ত ১২ পাতা কাগজ জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের সম্পর্কে সিটিটিসি প্রধান জানান, তারা সবাই নব্য উগ্রবাদী জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার সক্রিয় সদস্য। হাবিবুবুল্লাহ ও মাহামুদুল হাসান এই সংগঠনের আদর্শে উজ্জীবিত হয়ে কথিত জিহাদের প্রশিক্ষণ নেওয়ার জন্য কথিত হিজরতের উদ্দেশ্যে নিজ নিজ বাসা ত্যাগ করেন। আবদুল্লাহ, তাজুল ইসলাম ও জিয়াউদ্দিন সংগঠনের সদস্য হিসেবে কথিত হিজরতের উদ্দেশ্যে গৃহত্যাগ করা নতুন সদস্যদের সাময়িক বাসস্থান ও প্রাথমিক ট্রেনিংয়ের ব্যবস্থা করতেন।

অন্যরা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে ‘হিজরত করা’ তরুণদের সংগ্রহ করে আব্দুল্লাহর বাসায় নিয়ে যেতেন। তাদের উগ্রবাদী ধারণায় উদ্বুদ্ধ করতেন। পরে তাদের প্রশিক্ষণে পাঠানোর ব্যবস্থা করতেন।