শিল্প শহর নওয়াপাড়ায় মাস্ক না পরার দায়ে ১০ ব্যক্তিকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নওয়াপাড়া বাজারে যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন সোহরাব প্লাজার সামনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল এ জরিমানা করেন।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্টিফিকেট সহকারী মিরাজ হোসেন জানান, করোনা সংক্রমণ রোধে রবিবার বিকালে নওয়াপাড়া বাজারে অভিযান পরিচালিত হয়। এসময় মাস্ক না থাকায় দুই ব্যক্তিকে পৃথক মামলায় এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়া মাস্ক থাকতে তা না পরার অপরাধে ৮টি মামলায় আট ব্যক্তিকে পাঁচশত টাকা করে চার হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় জনগণকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করাসহ দরিদ্রদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।