আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা পালানোর পথ খুঁজে পাবে না। আওয়ামী লীগের নেতারা কেউ পালায় না। প্রয়োজনে জেলে যাবে, তবুও পালানোর পথ খোঁজে না আওয়ামী লীগ।
শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে আয়োজিত দুই দিনব্যাপী আওয়ামী লীগের চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, রাজনীতি না করার মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গেছে বিএনপির নেতা। আমাদের নেতাকর্মীরা পালানোর রাজনীতি করে না। আমাদের জন্ম এদেশে। প্রয়োজনে মরবো, জেলে যাবো তবুও দেশ ছেড়ে পালাবো না।
বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন, তারা যেভাবে আন্দোলনের নামে লাফালাফি ও বাড়াবাড়ি করছে, তাতে আন্দোলনের পতন ধ্বনি শোনা যাচ্ছে। বিএনপি তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেনি। তার দণ্ড স্থগিত করে বাসায় থাকার সুযোগ দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি করেন না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে। যারা ১৫ ও ২১ আগস্ট এবং ৩ নভেম্বর ঘটিয়েছে, তাদের মুখে প্রতিহিংসার কথা মানায় না।
আওয়ামী লীগ সরকার বাংলাদেশেকে ডিজিটাল দেশে রূপান্তর করেছে উল্লেখ করে তিনি বলেন, আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব আমরা। ৫০তম পবিত্র সংবিধান দিবস মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এখন থেকে জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে। আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বৈশ্বিক সংকটের বিষয়ে তিনি বলেন, এখন আমাদের কথা কম বলে কাজ বেশি করতে হবে, আর এখন সবার এই বিপ্লবটাই করতে হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।