প্রথমবারের মতো আদালতের আদেশে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের ভোটগ্রহণের ফলাফল পুনর্গণনা করল নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (৬ নভেম্বর) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (পরিচালক জনসংযোগ) এস এম আসাদুজ্জামান সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ইভিএমে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ৬ নম্বর ওয়ার্ডের ভোট ট্রাইব্যুনালের আদেশে পুনর্গণনা করা হয়েছে।

ওই নির্বাচনে একজন প্রার্থী ভোট পুনর্গণনার জন্য ট্রাইব্যুনালে মামলা করেন। এরপর ভোট পুনর্গণনার আদেশ দেন ট্রাইব্যুনাল। এ আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ভোট পুনর্গণনার জন্য নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করে।

এ কমিটি ৫ নভেম্বর সংশ্লিষ্ট সবার উপস্থিতিতে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোট পুনর্গণনার করে। এ সময় সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার, প্রার্থী, এজেন্ট এবং তাদের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

ভোট পুনর্গণনার জন্য নির্বাচনি মালামালের সিলগালা বস্তা খোলা হয়। ইভিএম মেশিনে অডিটকার্ড প্রবেশ করিয়ে তা হতে দেখা হয় ফলাফল। এরপর তা নির্বাচনের দিন ঘোষিত ফলাফলের সঙ্গে মিলিয়ে দেখা হয়। অডিট কার্ডের ফলাফল এবং ঘোষিত ফলাফল একই পাওয়া যায়।

ইভিএমে ভোটগ্রহণ করা হলেও তা পুনর্গণনার করা যায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।