চট্টগ্রামে ভারতীয় ব্যাটারদের ঝড়। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ খোয়া গেছে আগেই। হোয়াইটওয়াশের লজ্জা বাঁচানোর ম্যাচে খেলতে নেমে ইশান কিষাণের রেকর্ডরাঙা ডাবল সেঞ্চুরি এবং তিন বছর পর বিরাট কোহলির ওয়ানডে শতকে ভর করে একদিনের ম্যাচে নিজেদের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়েছে ভারত।

শনিবার (১০ ডিসেম্বর) তৃতীয় তথা শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রানের পাহাড় গড়ে ভারত। এর মধ্য দিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো ৪০০ রান স্পর্শ করল কোনো দল।

টিম টাইগার্সকে জিততে হলে করতে হবে ৪১০ রান। ভারতের ৪০৯ রানের রেকর্ডগড়া ইনিংসে শুধু কোহলি-কিষাণ দুজনের সংগ্রহ ২২২ বলে ৩২৩ রান। বাকি ৬ ব্যাটার করেছেন ৮৬ রান। ভারতীয় ইনিংসের শুরুতেই ধাওয়ানের বিদায়ে আরেকবার ভারতবধের আশা দেখছিল বাংলাদেশ।

বিধ্বংসী ব্যাটার বিরাট কোহলিকেও দ্রুত ফেরানোর সুযোগ ছিল। ১ রানের মাথায় মিরাজের বলেই তার সহজ ক্যাচ ছেড়েছিলেন লিটন দাস। নতুন জীবন পাবার পর কাজে লাগাতে ভুললেন না কোহলি।

তিন বছরের অপেক্ষার পর ওডিআই শতক হাঁকালেন বিশ্বসেরা এ ব্যাটার। সাকিবের বলে সাজঘরে ফেরার আগে ২ ছক্কা ও ১১ চারে ৯১ বলে ১১৩ রান করেন কোহলি। কিষাণ-কোহলি জুটি ভারতকে নিয়ে যায় এক অন্য উচ্চতায়।

নির্দিষ্ট করে বলতে গেলে কিষাণের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশের বোলিং লাইনআপ। একের পর এক চার-ছক্কায় রানের চাকা ঘোরাতে থাকেন এই দুই ব্যাটসম্যান। কিষাণ ও কোহলি মিলে করেছেন ২৯০ রানের জুটি।