ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘নির্যাতনে’ নিহত বাংলাদেশি যুবক শাহীন মিয়ার (৩০) লাশ সাত দিন পর যশোরের শার্শার বেনাপোল সীমান্ত দিয়ে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে লাশটি বিজিবি ও বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। শাহীন মিয়া যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শামসুর রহমানের ছেলে।
বিজিবি গণমাধ্যমকে জানায়, গত ১৩ ডিসেম্বর বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশি যুবক শাহিন মিয়া অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতের ঘানারমাঠ বিএসএফ ক্যাম্পের টহলদল তাকে আটক করে সারারাত শারীরিক নির্যাতন করলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বনগাঁও হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৭ ডিসেম্বর তিনি হাসপাতালে মারা যান। ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার মিনহাজ সিদ্দিকী বলেন, ‘ভারতীয় হাইকমিশনের সঙ্গে আলোচনা শেষে বিএসএফ মরদেহ গত রাতে বিজিবির কাছে হস্তান্তর করে।’
একইভাবে বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা যুবকের ভারতের হাসপাতালে মৃত্যুর এক সপ্তাহ পর বাংলাদেশ এবং ভারতীয় হাইকমিশনের আলোচনার মাধ্যমে লাশটি হস্তান্তর করেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।