সিরীয় সংলগ্ন তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছেই কম্পন ঘটে।
এর গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার। তবে সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, ২৪.১ কিলোমিটার। এখন পর্যন্ত ১০ জন নিহতের খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে, রাজধানী আঙ্কারা এবং অন্যান্য শহরেও কম্পন অনুভূত হয়েছে। প্রাণহানি এড়াতে ঘর থেকে দ্রুত বের হয়ে পথে চলে আসেন বহু মানুষ। ভূমিকেম্প বেশ কিছুভবন ধসে পড়েছে। এতে আটকাও পড়েছেন অনেকে। দিয়ারবাকের শহরের একটি শপিং মল ধসে পড়েছে।
ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ৪৫ সেকেন্ড। এর কিছুক্ষণের মধ্যে আফটার শকের খবর পাওয়া গেছে। এদিকে সিরিয়া, সাইপ্রাস এবং লেবাননেও কম্পন অনুভূত হয়েছে।
গাজা উপত্যকায় বিবিসির একজন প্রযোজক রুশদি আবুলউফ বলেন, তিনি যে বাড়িতে ছিলেন সেখানে প্রায় ৪৫ সেকেন্ডের মতো সময় কাঁপতে থাকে।
গাজিয়ান্তেপের গভর্নর দাভুত গুল টুইটারে বলেছেন, ‘ শহরে ভূমিকম্পটি প্রবলভাবে অনুভূত হয়েছে।’ গুল জনসাধারণকে বাড়ির বাইরে অপেক্ষা করার এবং শান্ত থাকার পরামর্শও দিয়েছেন।
তুরস্কের দক্ষিণ ও মধ্যাঞ্চলেও শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে।
মূল ভূ-কম্পনটি আঘাত হানার প্রায় ১১ মিনিট পর আরেক দফায় আঘাত হানে ভূমিকম্প। ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী আফটারশক মূল ভূমিকম্পের কেন্দ্রস্থলের প্রায় ৩২ কিলোমিটার উত্তর-পশ্চিমে আঘাত হানে।
১৯ মিনিট পরে, ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি তীব্র আফটারশক অনুভূত হয়।
তুরস্ক বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্প অঞ্চলে অবস্থিত। ১৯৯৯ সালে দেশের উত্তর-পশ্চিমে একটি শক্তিশালী কম্পনের পর ১৭ হাজারেরও বেশি লোক নিহত হয়েছিল।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।