ফুটবলে আসার পর থেকেই বর্ণবাদী আচরণের শিকার ভিনিসিয়াস জুনিয়র। প্রতিবাদ, আলোচনা-সমালোচনা, আইনি পদক্ষেপ সবকিছু করেও যেন থামানো যাচ্ছে না ব্রাজিলিয়ান তারকার প্রতি বর্ণবাদ। গতকাল মায়োর্কার বিপক্ষে ম্যাচেও আরেকবার এমন আচরণের শিকার হলেন তিনি। রোববার (৫ জানুয়ারি) মায়োর্কার বিপক্ষে লা লিগার গুরুত্বপূর্ণ এক ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছেন ভিনিসিয়াস।

মায়োর্কার ঘরের মাঠে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে হেরে যায় রিয়াল মাদ্রিদ। যদিও ম্যাচে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েছিল লস ব্লাঙ্কোসরা। তবে সহজ সুযোগ মিস করে বসেন মার্কো অ্যাসেনসিও। এতে লা লিগার পয়েন্ট তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে অনেকটা পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। ২০ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৫। অন্যদিকে সমান ম্যাচে ১৭ জয় ও দুই ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৫৩।

ডিএজেডএন নামে একটি ভিডিও স্ট্রিমিং সার্ভিস কোম্পানির পোস্টকৃত একটি ভিডিওতে দেখা যায়, রিয়াল মাদ্রিদের পরাজয়ের ম্যাচে মায়োর্কার ভক্তরা ভিনিসিয়াসকে ‘বানর’ বলে ডাকছেন।

তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি মায়োর্কা ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু ক্লাবটির ম্যানেজার জাভিয়ের আগুইরের কাছে এমন অভিযোগ করা হলে তিনি সরাসরি অস্বীকার করেছেন।