তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ১২ ঘণ্টার কম সময়ের ব্যবধানে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে দেশটিতে রিখটার স্কেলে ৭ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, সোমবার স্থানীয় সময় বেলা ১টা ২৪ মিনিটে দ্বিতীয় দফায় কেঁপে উঠেছে তুরস্ক। দ্বিতীয় দফায় আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫। দ্বিতীয় ভূমিকম্পটি তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের কাহরামানমারাস শহরের কাছে আঘাত হানে। শহরটি গাজিয়ান্তেপের উত্তরে প্রায় ৮০ মাইল দূরে অবস্থিত। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, এর আগে স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশের নূরদাগি শহরের পূর্বাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্প। অঞ্চলটি সিরিয়ার সীমান্তবর্তী।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ছয় হাজারের বেশি মানুষ।