পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়ার কোহিস্তানে বাস ও কারের মধ্যে সংঘর্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে প্রদেশটির আপার কোহিস্তান জেলার শীতিয়াল এলাকায় কারাকোরাম হাইওয়েতে এ ঘটনা ঘটে। খবর ফক্স নিউজের।

গিলগিট-বাল্টিস্তানের দিয়ামের জেলার এসএসপি শের খান বলেন, ঘিজর থেকে রাওয়ালপিন্ডিগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, বাসে থাকা ১৬ জন যাত্রী এবং গাড়িতে থাকা পাঁচজন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি কোহিস্তানের আওতাভুক্ত এলাকায় ঘটেছে। তবে, দুর্ঘটনাস্থল নিকটবর্তী হওয়ার কারণে গিরগিট-বাল্টিস্তান পুলিশও উদ্ধার প্রচেষ্টায় অংশ নিয়েছে।

এসএসপি শের খান বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও গাড়িতে কতজন ছিলেন, ওই বিষয়ে তথ্য সংগ্রহ করছে পুলিশ। বর্তমানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালান হচ্ছে। এদিকে, দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।