আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য তারানা হালিম বলেছেন, বিএনপিকে রাজনীতি করার জন্য আওয়ামী লীগের নেত্রী সুযোগ করে দিয়েছিল। এটি তার উদারতা। কিন্তু উদারতাকে কখনো দুর্বলতা মনে করবেন না। কারণ আওয়ামী লীগ মাঠে রাজনীতি করে আজ ক্ষমতায়। তারা ঘরে বসে রাজনীতি করে না।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে বিএনপি জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের সময় এদেশে জঙ্গিবাদ, জিএমবি, হিজবুত তাহরির, আনসারুল্লাহ বাংলা টিমের উত্থান হয়েছিল। তখন দেশে লুণ্ঠন, ধর্ষণসহ অনেক নৈরাজ্য হয়েছে।

তারা ১৩৪ জনকে পুড়িয়ে মেরেছে এবং ৩০০ জনকে অগ্নিদগ্ধ করেছে। কাজেই তাদের কাছ থেকে সাবধানে থাকতে হবে। তারা অগ্নিসন্ত্রাসে তাজা। তারা অসৎ উপায়ে ক্ষমতায় আসার জন্য দেশের মানুষকে আবারো আগুনে পুড়িয়ে মারতে পারে।

তারানা হালিম নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা বিএনপির সমর্থকদরে কাছে গিয়ে বলবেন, আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে প্রধানমন্ত্রী কে হবেন। মির্জা ফখরুল, তারেক জিয়া, মির্জা আব্বাস নাকি খালেদা জিয়া। তারা তো কিছুই বলতে পারবেন না। তাদের তো জানতে হবে, নেতাবিহীন দল তো সমস্যা।

তিনি বলেন, আপনারা জানেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা পৃথিবীতে মন্দা চলছে। আমাদের দেশও এই সমস্যার বাইরে নয়। এই মন্দার সময় অন্য কোনো সরকার এসে দেশের উন্নয়ন করতে পারবে না। তাদের বুঝতেই কয়েক বছর চলে যাবে। সে জন্য আবারও দেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাসসহ প্রমুখ।