
রাজধানীর গুলশানে আগুনের ঘটনায় নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩০)। রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিহতের পরিচয় শনাক্ত করেন তার ছোট ভাই জুলহাস হোসেন।
নিহত আনোয়ারের ছোট ভাই জুলহাস হোসেন বলেন, আগুন লাগার পর আমার ভাই ওই ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। পরে ঢাকা মেডিকেলে এসে আমার ভাইয়ের মরদেহ শনাক্ত করি।
তিনি ওই ভবনের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুলশানের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে।
তার ছোট ভাই জুলহাস এসে নিহত আনোয়ার হোসেনের মরদেহ শনাক্ত করেন। উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরবর্তীতে মোট ১৯টি ইউনিট নেভানোর কাজে যুক্ত হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।