সিরিয়ায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিতে সম্মত ইরান
সিরিয়ায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিতে সম্মত ইরান

সিরিয়ায় ইসরাইলের বিমান হামলার ঘটনা বেড়ে যাওয়ায় দেশটিকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিতে সম্মত হয়েছে ইরান। দুদেশের সামরিক কর্মকর্তারা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে। আইআরআইবি নিউজ এক খবরে বলেছে, সিরিয়াকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধের সরঞ্জাম সরবরাহ করতে দুদেশের কর্মকর্তারা সমঝোতায় পৌঁছেছেন।
তবে এ সংক্রান্ত চুক্তির বিস্তারিত বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। সম্প্রতি সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লে. জেনারেল আলি মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন উচ্চপদস্থ সামরিক প্রতিনিধিদলের তেহরান সফরের সময় এ সংক্রান্ত চুক্তি সই হয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বহু বছরের যুদ্ধের পর সিরিয়াকে তার আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শিগগিরই সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করার জন্য খোরদাদ ১৫-এর মতো ইরানি রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করতে পারে তেহরান।
ইরান ২০১৯ সালের জুন মাসের খোরদাদ-১৫ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা উন্মোচন করে। এ ব্যবস্থা ১৫০ কিলোমিটার দূর থেকে যে কোনো যুদ্ধবিমান ও যুদ্ধ ড্রোন শনাক্ত এবং সেগুলোকে ১২০ কিলোমিটার দূরেই ধ্বংস করে দিতে সক্ষম। এ ছাড়া এই ব্যবস্থা রাডার ফাঁকি দেওয়ার লক্ষ্যে নির্মিত যে কোনো আকাশযানকে ৮৫ কিলোমিটার দূরে শনাক্ত করে ৬৫ কিলোমিটার দূরেই ধ্বংস করে দিতে পারে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।