সিলিকন ভ্যালির পর এবার দেউলিয়ার খাতায় নাম লিখিয়েছে আরও এক মার্কিন ব্যাংক। নিউইয়র্কভিত্তিক এ ব্যাংকটির নাম ‘সিগনেচার ব্যাংক’। বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতের পরিস্থিতি আরও খারাপ হতে পারে; যা সামগ্রিকভাবে ব্যাহত করতে পারে দেশটির গোটা অর্থনীতিকে।

রোববার (১২ মার্চ) ‍যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) সিগনেচার ব্যাংকের দেউলিয়া হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।মার্কিন কর্তৃপক্ষ সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) থেকে আমানতকারীদের অর্থ সম্পূর্ণ উদ্ধার করতে এবং গ্রাহক চাহিদা মেটাতে অন্যান্য প্রতিষ্ঠানকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন।

মার্কিন ট্রেজারিসহ আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে, এসভিবির আমানতকারীরা সোমবার (১৩ মার্চ) থেকে ব্যাংকটিতে জমা রাখা অর্থ তুলে নিতে পারবেন। একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিগনেচার ব্যাংকের বেলায়ও।

ফেডারেল রিজার্ভ, ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন (এফডিআইসি) ও মার্কিন ট্রেজারি বলেছে, ক্রিপটোকারেন্সি লেনদেনকারী ব্যাংকটি রোববার বন্ধ করে দেয়া হয়। শেয়ারবাজারে ব্যাংকটির শেয়ার মূল্য ভয়াবহভাবে কমে যাওয়ায় ব্যাংকটি বন্ধ করা হয়েছে।

এর গ্রাহকদের ক্ষেত্রেও এসভিবির মতো ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাগুলো। এদিকে, পরপর দুটি ব্যাংক দেউলিয়া হওয়ার ঘটনায় বিশ্লেষকদের অনেকে আশঙ্কা করছেন, আবারও হয়তো ২০০৭-২০০৮ সালের মতো ব্যাংকিং সেক্টরে একটি আঘাত আসতে যাচ্ছে।