ঢাকা নিউমার্কেটে লাগা আগুনে জীবনের ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করার চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা। শনিবার সকালে ঢাকা নিউ সুপার মার্কেট (দ:) ভবনে আগুন জ্বলছে। এরমধ্যেও মার্কেটের ব্যবসায়ীরা ভেতরে ঢুকছেন মালামাল বের করার জন্য।

শঙ্কা প্রকাশ করে এক দোকানি জানান, দ্বিতীয় তলায় তার দোকান। জীবনের ঝুঁকি নিয়েই তিনি ও তার ছোট ছেলে মালামাল বের করে আনছেন।

এখনো অনেক মালামাল দোকানে রয়ে গেছে। এদিকে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী। একই সঙ্গে আগুন নেভানোর জন্য বিমানবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

ব্যবসায়ীরা জানায়, কয়েক ঘণ্টার ব্যবধানে তাদের সব শেষ, রাস্তায় নেমে পড়েছে। স্ত্রী-সন্তানদের নিয়ে তাদের পরিবার কীভাবে চলবে সেটাই বুঝতে পারছেন না। এ ছাড়া পাওানাদারা তো আছেই। সব মিলিয়ে তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে।