স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টায়) লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে শপথ নিয়েছেন তৃতীয় চার্লস।
নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে রাজা হিসেবে অভিষিক্ত হলেন তৃতীয় চার্লস। শুধু তাই নয়. রাজমুকুট ও রাজ্যাভিষেকের বিশেষ পোশাক পরে সিংহাসনেও বসেছেন তিনি। শপথ নিয়েছেন ব্রিটেনের ৪০তম রাজা হিসেবে।
আল জাজিরার প্রতিবেদন মতে, পবিত্র গসপেলের ওপর হাত রেখে রাজ্যাভিষেকের শপথ নেন রাজা তৃতীয় চার্লস। এ সময় নিজেকে একজন ‘বিশ্বাসী প্রোটেস্ট্যান্ট’ ঘোষণা দিয়ে তিনি বলেন, রাজা হিসেবে নিজের সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন তিনি।
ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা চার্লসের রাজ্যাভিষেক শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ক্যান্টারবুরির আর্চবিশপ জাস্টিন ওয়েলবি। এ সময় ওয়েস্টমিনস্টার অ্যাবেতে উপস্থিত ছিলেন কুইন কনসর্ট ক্যামিলা, রাজার বড় ছেলে প্রিন্স উইলিয়াম, ছোট ছেলে প্রিন্স হ্যারি ও রাজপরিবারের অন্য সদস্যরা।

এদিকে রাজা তৃতীয় চার্লসের অভিষেকের দিন লন্ডনে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ হয়েছে। এ সময় রাজতন্ত্রবিরোধী গ্রুপ রিপাবলিকের প্রধান নেতাসহ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান জানিয়েছে, শনিবার (৬ মে) সকালে চার্লসের রাজ্যাভিষেকের আগ মুহূর্তে ট্রাফালগার স্কয়ার থেকে বিক্ষোভকারীদের গ্রেফতার করা হয়।
এদের মধ্যে ‘রিপাবলিক’ ক্যাম্পেইনের প্রধান নির্বাহী গ্রাহাম স্মিথও রয়েছেন। ট্রাফালগার স্কয়ারে বিক্ষোভের মূল জায়গায় অন্য বিক্ষোভকারীদের জন্য পানীয় ও প্ল্যাকার্ড সংগ্রহ করার সময় তাকে আটক করা হয়। লন্ডন মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানান, অপ্রীতিকর ঘটনা সৃষ্টির ষড়যন্ত্র করার সন্দেহে চার জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিক্ষোভে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।