যশোরের অভয়নগরে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে বাঁশবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আব্দুল মজিদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ মে) মামলা দায়েরের পর উপজেলার বুনোরামনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল মজিদ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের বুনোরামনগর গ্রামের মৃত মনির উদ্দিন ওরফে মনো ফকিরের ছেলে।

মামলার বাদী প্রতিবন্ধী কিশোরীর মা জানান, ধর্ষণের শিকার ১৫ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী তার পালিত মেয়ে। শনিবার তার মেয়ে বাড়ির সামনে খেলা করছিল। রাত আনুমানিক ৮টার দিকে শরীরে ধুলাবালি মাখা অবস্থায় তার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। এ সময় কি কারণে কাঁদছে জানতে চাইলে তার মেয়ে বলে, ‘প্রতিবেশী টাক মাথার (আব্দুল মজিদ) লোকটি আমার হাত ধরে বাড়ির সামনে বাঁশবাগানে নিয়ে যায়। সেখানে জোর করে আমার পরনের কাপড় খুলে খারাপ কাজ করে।

তিনি আরও জানান, বাড়ির সামনে বাঁশবাগানে নিয়ে আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করা হয়েছে। তিনি আব্দুল মজিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে অভয়নগর থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত আব্দুল মজিদ দাবি করেছেন, তিনি নির্দোষ, গ্রামের একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, রোববার মামলা দায়েরের পর অভিযুক্ত আব্দুল মজিদকে আটক করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।