আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীকে পূর্বনির্ধারিত সমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ। এমতাবস্থায় অনুমতি ছাড়াই দলটি রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে।
পূর্বঘোষিত সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে মিরপুর-১ গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত। এটি টেকনিক্যাল মোড়ে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে দলীয় নেতাকর্মীদের মুক্তি দাবিসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন নেতারা।
বৃষ্টিতে ভিজেই জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। তারা সমাবেশের অনুমতি না দেওয়ার তীব্র নিন্দা জানান। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে দলটির মহানগর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে পথসভা সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ। পথসভায় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মুসা, নায়েবে আমির গোলাম মোস্তফা, দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
এর আগে বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে আগামী রোববার সারা দেশের বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মো. তাহের বলেন, জামায়াত আইনের দৃষ্টিতে সভা-সমাবেশ করার সুযোগ পাবে, এটিই স্বাভাবিক। কিন্তু জামায়াতকে সে সুযোগ না দিয়ে সারা দেশে জামায়াত নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। গত এক সপ্তাহে রাজধানীসহ সারা দেশে জামায়াতের আট শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ জামায়াত নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিয়ে মূল্যবান আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করছে। কোনো কোনো ক্ষেত্রে নারীদের নাজেহাল করছে। কোনো কোনো এলাকায় পুরুষ নেতাকর্মীদের না পেয়ে তাদের স্ত্রী-সন্তানদের গ্রেফতার করে নিয়ে যাচ্ছে। রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর এসব কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি ও মানবাধিকার পরিপন্থী।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।