দীর্ঘ প্রায় ৩৩ বছর পর কোনো ফরাসি প্রেসিডেন্ট দ্বিপাক্ষিক সফরে ঢাকা আসছেন আজ। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলন শেষে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঢাকা আসবেন।
রোববার (১০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফরাসি প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন বলে আশা করা হচ্ছে। আগামীকাল সোমবার তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে ঢাকা আসছেন তিনি। এই সফরকালে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন।
ফরাসি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন এবং তার সম্মানে প্রধানমন্ত্রী আয়োজিত ভোজসভায়ও অংশ নেবেন। এ সময় দুই নেতা দুটি দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর প্রত্যক্ষ করবেন এবং তারা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেয়ার কথা রয়েছে।
ফরাসি প্রেসিডেন্টের এ সফরকালে তার সঙ্গে আরও যারা থাকছেন তারা হলেন- ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ক্যাথেরিন কলোন্না। ফরাসি প্রেসিডেন্টের এই সফরের মধ্যদিয়ে দু’দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো বিস্তৃত হবে এবং তা এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে বাংলাদেশ ও ফরাসি সরকার আন্তরিকভাবে আশা করছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।