
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। মঙ্গলবার এনসিপির যুব সংগঠন যুবশক্তির কাউন্সিলে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘ঘোষণা দিচ্ছি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কারণ, নতুন সংস্কার বা নতুন সংবিধান কিছুই আমরা পাইনি। আমার যেই ভাই মারা গেছে, তাকে ফেরত দিয়ে নির্বাচন দিতে হবে।’
এ সময় ডিজিএফআইয়ের সংস্কারও দাবি করেন এনসিপির অন্যতম শীর্ষ এ নেতা। তিনি বলেন, ‘ডিজিএফআই যদি রাখতেই হয় তাহলে সংস্কার করে রাখতে হবে। আয়নাঘর ভেঙে দিয়েছি, এবার ডিজিএফআইয়ের হেডকোয়ার্টার ভেঙে দিব।’
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিকে এগুচ্ছে অন্তবর্তী সরকার। নির্বাচন কমিশনও এই সময়সীমা মাথায় রেখেই তাদের সব প্রস্তুতি সারছে। বিএনপিসহ বেশ কয়েকটি দল সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
জামায়াত বলছে, ফেব্রুয়ারিতে নির্বাচনে তাদের আপত্তি নেই। তবে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোট না হলে নির্বাচনে অংশ নেবে না তারা।
দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে নাসীরুদ্দীন বলেন, ‘ভবিষ্যতে অনেক সংকট আসন্ন, সবাই সতর্ক থাকুন। জাতীয় পার্টি কাউন্সিল করে পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছে। এদের রাজনীতি করতে দেওয়া যাবে না। বিদেশি দূতাবাসগুলো উত্তাপ শুরু করেছে। কিছু করলে আমাদের লাশের উপর দিয়ে করতে হবে।’
এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন অভিযোগ করেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত চলছে। তিনি বলেন, ‘এই ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না। শুধু এনসিপি বা যুবশক্তি নয়, সবাইকে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘হাবিবুর রহমান, ফজলুর রহমানরা এখনও আওয়ামী লীগের পক্ষে কথা বলে। এদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নেবে বলে বিশ্বাস করি।’
গত ১ বছরে সরকারের কর্মকাণ্ডের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন আরেক মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি আরও অভিযোগ করেন, একটি বিশেষ দল গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে।
হাসনাত বলেন, ‘একটি দলের নেতারা নিউজ লিখে দেয়, মিডিয়া সেটা প্রকাশ করে। আমাদের আটকে রেখে চ্যানেল ওয়ান, ডিবিসিকে ফোন দেওয়া হতো হেডলাইন পরিবর্তন করেন, ব্রেকিং পরিবর্তন করেন। একই অবস্থা আবারও দেখতে পাচ্ছি। মিডিয়া এখনো বিশেষ দল নিয়ন্ত্রণ করছে।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।