মণিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মণিরামপুর উপজেলায় মৎস্য ঘেরে মুরগির বিষ্ঠা (লিটার) মাছের খাবার হিসেবে ব্যবহার করার অপরাধে এক ঘের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ অক্টোবর) সকালে হরিদাসকাঠি ইউনিয়নের একটি মৎস্য ঘেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত তামান্না এ অভিযান পরিচালনা করেন।

আদালতের রায় অনুযায়ী, অভিযুক্ত ঘের মালিক তাৎক্ষণিকভাবে নগদ ৫০,০০০ টাকা জরিমানা পরিশোধ করেন বলে মণিরামপুর উপজেলা নির্বাহী কার্যালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

🔹 পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় কঠোর প্রশাসন

উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন,

“মুরগির লিটার মাছের খাবার হিসেবে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই আইন অনুযায়ী ওই ঘের মালিককে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে, যাতে কেউ পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি করতে না পারে।