মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকুলী এলাকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মোফাখখির উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচপুর থেকে যাত্রীবোঝাই একটি লেগুনা ভুলতা অভিমুখে যাচ্ছিল। মৈকুলী বিব্রাদার্স পোশাক কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি লোহার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা চালকসহ অন্তত ৮ জন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।

ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মোফাখখির উদ্দিন বলেন,

“দুর্ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। আহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।”

এ ঘটনায় এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।