

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এইচআরএম বিভাগের শিক্ষার্থী মো. মানিক রহমান শুরু করতে যাচ্ছেন এক সাহসী যাত্রা। যেখানে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সাইকেল ভ্রমণ, যার দূরত্ব প্রায় ১,০০০ কিলোমিটার। নিজ উদ্যোগে শুরু করা এই দীর্ঘ পথচলার পেছনে রয়েছে তার অদম্য মানসিক শক্তি। পাশাপাশি তার এই যাত্রায় দুই তরুণ উদ্যোক্তার স্পন্সরের মাধ্যমে পাশে দাড়িয়েছে। যার একজস ‘মাচাং’-এর স্বত্বাধিকারী রিজওয়ান খান এবং ‘আরশীনগর’-এর স্বত্বাধিকারী লিখন।
মানিক জানান, তিনি নিয়মিতভাবে ক্যাম্পাস ও জাতীয় পর্যায়ে দৌড় ও সাইক্লিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছেন এবং বহুবার পুরস্কৃত হয়েছেন। তবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাইকেল ভ্রমণ করা শুধুই রোমাঞ্চ নয়— এটি একটি স্বপ্ন।
“এই ভ্রমণ সম্পূর্ণ নিজ খরচে করা আমার জন্য সম্ভব ছিল না,” বলেন মানিক। “অনেক জায়গায় স্পন্সরশিপের জন্য চেষ্টা করেও কাঙ্ক্ষিত সহযোগিতা পাইনি। শেষ পর্যন্ত রিজওয়ান ভাই এবং লিখন ভাই আমার পাশে দাঁড়িয়েছেন। তাদের এই সহায়তা আমার জন্য অনুপ্রেরণা।”
‘মাচাং’ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী রিজওয়ান খান, যিনি ‘কন্টেন্ট লাগবে?’ পেজেরও প্রতিষ্ঠাতা, বলেন— “মানিকের এই উদ্যোগ সত্যিই সাহসী ও প্রশংসনীয়। শুরু থেকেই ওর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটা রাখার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি, ও সফল হলে শুধু নিজের নয়, ইসলামী বিশ্ববিদ্যালয়েরও গর্ব বাড়াবে।”
অন্যদিকে শেখপাড়া বাজারের সুপরিচিত ব্যবসা প্রতিষ্ঠান ‘আরশীনগর’-এর স্বত্বাধিকারী লিখন, বলেন—
“ব্যবসার পাশাপাশি আমি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি। মানিক আমাদেরই ছোট ভাই। তার এই দীর্ঘ যাত্রায় অংশীদার হতে পেরে আমরা গর্বিত। আমরা চাই, ও সফল হয়ে পুরো ইবির মুখ উজ্জ্বল করুক।”
মানিকের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক আলোড়ন তুলেছে। অনেকেই তার সাইক্লিং যাত্রাকে ‘স্বপ্নপূরণের দৃষ্টান্ত’ হিসেবে দেখছেন। শিক্ষার্থীরা বলছেন, নিজের ইচ্ছাশক্তি ও সীমিত সামর্থ্য দিয়েও বড় কিছু করা সম্ভব— মানিক তার বাস্তব প্রমাণ।
উল্লেখ্য, এই ভ্রমণে মানিক টেকনাফ থেকে যাত্রা শুরু করে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা অতিক্রম করে তেঁতুলিয়ায় পৌঁছাবেন। ব্যক্তিগত উদ্যোগে এত বড় ভ্রমণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।