বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির শীর্ষস্থ ও কেন্দ্রীয় নেতারা।

এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা মোহাম্মদ ইসহাক সরকার, ঢাবি ছাত্রদল নেতা আবিদ, রাজশাহী মহানগর যুবদল সদস্য ও আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (DEAB)-এর নেতা ইঞ্জি. মো. আরিফুজ্জামান সোহেল।

এছাড়াও উপস্থিত ছিলেন, যুবদল নেতা সৈয়দ মোহাম্মদ ইফতেখার জিমু, ব্যবসায়ী নেতা মো. আলি আহমেদ খান আবিরসহ আরও অনেকে।

নেতৃবৃন্দ চিকিৎসকদের কাছ থেকে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। পরে তারা দেশবাসীর প্রতি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার অনুরোধ জানান।

উল্লেখ্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাতা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। বর্তমানে তিনি এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বেগম খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।