
রাজশাহীর মোহনপুরে পুকুর খননে বাধা দেওয়াকে কেন্দ্র করে ভেকুর নিচে ফেলে জুবায়ের (২৫) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামের বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই গ্রামের রফিজের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বড় পালশা গ্রামের আব্দুল মজিদ ওরফে মন্জিলের ছেলে আনিসুজ্জামান রহমান বকুল, মুনতাজ হাজির ছেলে রুহুল ও রুবেলের নেতৃত্বে ভেকু মেশিন দিয়ে পুকুর খননের কাজ চলছিল। এ সময় কৃষিজমি রক্ষার দাবিতে স্থানীয়রা বাধা দিতে গেলে অভিযুক্তরা ভেকু চালককে উদ্দেশ করে বলেন, “ওদের পিষে দে।”
এরপর ভেকুর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন জুবায়ের। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার অভিযোগ করেছে, এ ঘটনায় ভীমনগর গ্রামের বকুল, রুহুল ও রুবেলসহ আরও কয়েকজন সরাসরি জড়িত। পুকুরটি খনন করছিলেন মোহনপুর উপজেলার প্রভাবশালী কয়েকজন ব্যক্তি। তবে পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে এসব প্রভাবশালীর নাম প্রকাশ করা হয়নি।
সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, নিহতের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে তড়িঘড়ি করে জুবায়েরের লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
ঘটনার খবর পেয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুদ্দীন ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেন।
ইউএনও ফাহিমা বিনতে আখতার বলেন, “ঘটনার সঙ্গে জড়িত ভেকু ড্রাইভারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।”
ওসি মঈনুদ্দীন জানান, “নিহতের পরিবার শোকে ভেঙে পড়েছে। তাদের সঙ্গে কথা বলে লাশটি ময়নাতদন্তের জন্য থানায় আনার চেষ্টা চলছে। আটক ভেকু চালকের নাম মো. আব্দুল হামিদ (২৮)।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।