
নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতার প্রবেশদ্বার নামে খ্যাত ঐতিহাসিক যশোর জেলা থেকে প্রকাশিত পাঠকনন্দিত সংবাদপত্র দৈনিক যশোর বার্তা চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) কর্তৃক সরকারি মিডিয়া তালিকাভুক্ত হয়েছে।
ডিএফপি সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) মোহাম্মদ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এ উপলক্ষে দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীনের হাতে সংশ্লিষ্ট অনুমোদনপত্র তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ১১ নভেম্বর দৈনিক যশোর বার্তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। স্বল্প সময়ের মধ্যেই পত্রিকাটি খুলনা বিভাগের গণ্ডি পেরিয়ে রাজধানী ঢাকা ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পাঠকের দোরগোড়ায় পৌঁছে যায়। মাত্র ২ বছর ১ মাসের মধ্যে একটি পাঠকনন্দিত ও গ্রহণযোগ্য সংবাদপত্র হিসেবে সুনাম অর্জনে সক্ষম হয় দৈনিক যশোর বার্তা। পত্রিকার ইতিহাস পর্যালোচনায় জানা যায়, ২১ ডিসেম্বর ২০২০ সালে যশোর জেলা প্রশাসকের কাছে নতুন একটি দৈনিক পত্রিকার জন্য আবেদন করা হয়।
পরবর্তীতে ১৩ মার্চ ২০২২ পত্রিকাটি চূড়ান্ত ছাড়পত্র লাভ করে। এরপর ২০ জুলাই ২০২৩ বাংলাদেশ প্রেস কাউন্সিল বোর্ড দৈনিক যশোর বার্তার অনুকূলে চূড়ান্ত রায় প্রদান করে এবং যশোর জেলা প্রশাসককে ডিক্লারেশন দেওয়ার নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় ১৯ অক্টোবর ২০২৩ যশোরের জেলা ম্যাজিস্ট্রেট চূড়ান্ত ডিক্লারেশন প্রদান করেন এবং ১১ নভেম্বর ২০২৩ পত্রিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। দীর্ঘ ৫ বছরব্যাপী পথ পরিক্রমা শেষে ২১ ডিসেম্বর ২০২০ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫ দৈনিক যশোর বার্তা সরকারি মিডিয়া তালিকাভুক্তির মাধ্যমে সাফল্যের এক গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছেছে।
এ বিষয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন বলেন, দলমত নির্বিশেষে একটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদপত্র হিসেবে পাঠকের চাহিদা পূরণে দৈনিক যশোর বার্তা অঙ্গীকারাবদ্ধ। এ অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করছি।
সরকারি স্বীকৃতির এই অর্জন দৈনিক যশোর বার্তার সাংবাদিকতা ও পেশাদারিত্বকে আরও একধাপ এগিয়ে নেবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।