নড়াইল প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নড়াইলে সফরে আসছেন। তার এই সফরকে ঘিরে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী)  বেলা সাড়ে ১০টায় জেলা জামায়াতের কার্যালয়ে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমীর ও নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু ও জেলা জামায়াতের সেক্রেটারী ও নড়াইল-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মো: ওবায়দুল্লাহ কায়সার।

বক্তব্যে নেতারা বলেন, জামায়াতে ইসলামীর আমীরের আগমনকে কেন্দ্র করে অনুষ্ঠেয় জনসভা সফল করতে সাংগঠনিক ব্যবস্থাপনা, নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে এব্যাপারে আশাবাদী।

এসময়ে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা ড. আব্দুস সোবহান প্রমূখ।