
রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি ও বিতরণ করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ মে) দুপুর ২টার দিকে রাজশাহী মহানগরীর নিউমার্কেট ও থিম ওমর প্লাজায় এই অভিযান পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা গেছে, বিএসটিআই’র ছাড়পত্র ছাড়া শ্যাম্পু, সাবান, লিপস্টিক, নেইলপলিশ ও স্কিন পাউডার প্রভৃতি পণ্য বিক্রি ও বিতরণ করায় নিউমার্কেটের ‘সুমন এন্ড ব্রাদার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী এই দণ্ড দেওয়া হয়।
এছাড়া মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস পণ্য দোকানে রাখায় থিম ওমর প্লাজার ‘লিরা ইমপোর্ট’ নামের অন্য একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ ও সেহরীন তাবাসসুম তিথী এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এই ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।