স্বপন কুমার দাস,নড়াইল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার, দুর্নীতি প্রতিরোধ এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।
নড়াইল জেলা এনসিপির সভাপতি কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমির সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, ডা. মাহমুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক,এস,এম, সাইফুজ্জামান ০১ নং সিনিয়র যুগ্ম আহবায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নড়াইল জেলা শাখা ও চেয়ারম্যান পাঁচ গ্রাম ইউনিয়ন পরিষদ, নড়াইল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা সদস্য সচিব আমিরুল ইসলাম রানা।
পথসভায় কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, নড়াইলের সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে পরিচিতি পাওয়া সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা পরবর্তীতে অবৈধ সরকারের সঙ্গে হাত মিলিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি বলেন, মাশরাফী বা সাকিবের মতো কোনো প্রভাবশালী ব্যক্তি কিংবা কোনো রাজনৈতিক অনুসারী যদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন, তবে তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে।
ডা. মাহমুদা মিতু বলেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে গেছে বলে অন্য কোনো দল বা ব্যক্তি যেন তাদের বিকল্প হয়ে অন্যায়, চাঁদাবাজি কিংবা রাহাজানির আশ্রয় না নেয়। এসব কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, এনসিপির প্রধান লক্ষ্য সংবিধান সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের পূর্ণ বিচার নিশ্চিত করা।
তিনি বিএনপির সমালোচনা করে বলেন, সংস্কার ও বিচারের প্রতিশ্রুতি ভুলে দলটি কেবল নির্বাচনকে কেন্দ্র করে আপোষের রাজনীতি করছে। রাজনৈতিক নেতৃত্বকে পূর্বের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের বিদ্যমান সংকট দূর করতে জনগণকে শুধু অধিকার নয়, দায়িত্ব সম্পর্কেও সচেতন হতে হবে। জনপ্রতিনিধিদের দুর্নীতি বন্ধে ভোটারদের সচেতন ভূমিকা অপরিহার্য। তিনি প্রলোভনে প্রভাবিত না হয়ে নৈতিকতার সঙ্গে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
পথসভা শেষে এনসিপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রা কর্মসূচি পালন করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।