লাহিড়ী বাজারে পূবালী ব্যাংকের তিন দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণের উদ্যোগকে এগিয়ে নিতে এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারে পূবালী ব্যাংক পিএলসি বালিয়াডাঙ্গী উপশাখার আয়োজনে তিন দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে।

ক্যাম্পেইন উপলক্ষে লাহিড়ী বাজারে আনুষ্ঠানিকভাবে একটি বুথ উদ্বোধন করা হয়। উদ্বোধনকে কেন্দ্র করে ব্যাংকের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের প্রধান সড়ক, চৌরাস্তা ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে ক্যাম্পেইন বুথের সামনে এসে শেষ হয়।

পরে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। র‌্যালিতে পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মিয়া মোহাম্মদ সাইফুল্লাহ কলম এবং লাহিড়ী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মো. আলমগীর। এ সময় পূবালী ব্যাংক পিএলসি বালিয়াডাঙ্গী উপশাখার কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে মিয়া মোহাম্মদ সাইফুল্লাহ কলম বলেন, বাংলাদেশ সরকার একটি স্মার্ট ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে ডেবিট ও ক্রেডিট কার্ড, কিউআর (QR) কোড, মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিরাপদ ও দ্রুত লেনদেনের সুযোগ তৈরি হয়েছে। নগদ অর্থের ব্যবহার কমিয়ে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা বাড়ানোই মূল লক্ষ্য।

মো. আলমগীর বলেন, বর্তমান সময়ে ক্যাশলেস লেনদেন অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। এর মাধ্যমে ব্যবসায়িক লেনদেন আরও সহজ হবে, সময় সাশ্রয় হবে এবং আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

পাশাপাশি ক্যাশলেস লেনদেনের প্রসারের ফলে দুর্নীতি ও অনিয়মও কমবে বলে আমরা বিশ্বাস করি।

ক্যাম্পেইনে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ডিজিটাল লেনদেনের বিভিন্ন সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি নিরাপদ ও সহজ ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সেবা ও তথ্য প্রদান করা হচ্ছে।