কেয়া আক্তার,জবি প্রতিনিধিঃ রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এলাকা থেকে যুবলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক শামীম আলী সোহাগ জবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ‘শেখ হাসিনা ফাউন্ডেশন’-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার সময় আদালত চত্বরসংলগ্ন জবির তৃতীয় গেটের আশপাশে সোহাগকে দেখতে পান জবি শাখা ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাকে শনাক্ত করে ঘিরে ফেলা হয়। জবি ছাত্রদলের নেতাকর্মীদের দাবি অনুযায়ী, এ সময় উত্তেজিত হয়ে কয়েকজন তাকে মারধর করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য ইমন গণমাধ্যমকে জানান, আদালত ও বিশ্ববিদ্যালয় এলাকায় পুনরায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার পরিকল্পনার তথ্য তাদের কাছে ছিল। আদালতের পাশে সোহাগকে দেখতে পেয়ে তারা আটক করেন এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন।
অন্যদিকে, সাধারণ শিক্ষার্থীদের দাবি, ককটেলসহ তাকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটকের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান খান সাগর, আহ্বায়ক সদস্য ইমন ও শের আলীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হেফাজতে নেওয়ার পর আহত সোহাগকে প্রাথমিক চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাকে সূত্রাপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।