
আওয়ামী লীগের সাইনবোর্ড লাগিয়ে অন্যের জমিসহ ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ উঠেছে কলারোয়া ক্ষমতাসীন দলের এক নেতার বিরুদ্ধে। স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান রাতের আঁধারে পৌর আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের কার্যালয় লেখা সাইন বোর্ডটি স্থাপন করেন। গত ৬ আগস্ট দিবাগত রাতে উপজেলার গোপীনাথপুর মোড়ে এ ঘটনা ঘটে।
উপজেলার ফয়জুল্যাপুর গ্রামের মৃত নাজিম উদ্দীন দফাদারের ছেলে আকিম উদ্দীন দফাদার জানান, গত ২০১২ সালে গোপিনাথপুর মৌজায় তিনি যশোর সাতক্ষীরা সড়কের পাশে ৪০ লাখ টাকা মূল্যে সাড়ে ২২ শতক জমি ক্রয় করেন। দায়-দেনা থাকায় তিনি ২০১৩ সালে মালয়েশিয়ায় যান। পরে সেখানে নতুন করে দোকান ঘর তৈরি করতে গেলে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমানের ভাই পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বাধা দেন। এসময় ঝামেলা এড়াতে পৌর কমিশনার আলফাজের মাধ্যমে আজিজুর রহমানকে ১৮ হাজার টাকাও প্রদান করা হয়।
গত ৫ আগস্ট নির্মাণ শ্রমিক নিয়ে দোকানঘরের কাজ শুরু করলে ওই জমি খাস খতিয়ানের বলে কাজ বন্ধ করে দেয়া হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমীন হোসেন মাপ জরিপ করে তার খরিদ করা ২২ শতক জমি খাস খতিয়ানের নয় জানিয়ে তাকে নির্মাণ করার অনুমতি দেন। নির্মাণ শ্রমিক পার্শ্ববর্তী পাথরঘাটা গ্রামের লিটন হোসেন (২৬) জানান, এসিল্যান্ড চলে যাওয়ার পর কাজ শুরু করলে আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান ১৫/১৬ জন লোক নিয়ে এসে কর্মরত অবস্থায় তাকে লাথি মেরে ফেলে দেন। এসময় কাজ বন্ধ করার নির্দেশ দিয়ে নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি ও কয়েক বস্তা সিমেন্টসহ ঘরের টিন নিয়ে যান তারা। স্থানীয় ব্যবসায়ী শেখ রবিউল ইসলাম, সাবদুল আলীসহ অনেকেই জানান, জমিটির প্রকৃত মালিক আকিম উদ্দীন।
গত ৬ তারিখে দুপুরে আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান ১৫/১৬ জন সন্ত্রাসী নিয়ে এসে জমির মালিককে খুন করে ফেলার জন্য খুঁজতে থাকেন। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে বলতে থাকেন, ওই জমিতে ঘর করার চেষ্টা করলে আগামী ১৫ তারিখের মধ্যে দুনিয়া থেকে সরিয়ে দেয়া হবে। আর যারা ঘর করার পক্ষে থাকবে তাদেরকেও একই কায়দায় শায়েস্তা করা হবে বলে হুমাকি দিয়ে চলে যান। এ বিষয়ে জানতে চাইলে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খোকন বলেন, রাতের আঁধারে অন্যের জমিতে পৌর কমিটির সভাপতি আজিজুর রহমান জমিসহ ব্যবসা প্রতিষ্ঠান দখল করে সাইন বোর্ড লাগিয়েছেন বলে লোকমুখে জানাতে পারেন।
তবে তিনি জমির মালিকের পক্ষে। আওয়ামী লীগের সাইন বোর্ড দিয়ে ৬ নম্বর ওয়ার্ডে কাউকে অন্যায় করতে দেয়া হবে না বলেও জানান। ৬ নম্বর ওয়ার্ড সভাপতি আলফাজ হোসেন বলেন, মাপ জরিপ হওয়ার পর জানা গেছে জমির প্রকৃত মালিকই সেখানে নির্মাণ কাজ করছেন। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ অনেকেই বলেন, ১৩ সালে নাশকতার পর গোপিনাথপুর মোড়ে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় স্থাপনের উদ্যোগ নেয়া হয়। সে সময় সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ কার্যালয় নির্মাণ করার জন্য ১ লাখ টাকা বরাদ্দ দেন। কার্যালয়ের ভীত নির্মাণ হওয়ার পর তিনি (এমপি) জানতে পারেন ওই জমিটি ব্যক্তি মালিকানাধীন।
এসময় তিনি আর বরাদ্দ না বাড়িয়ে কাজটি বন্ধ রাখতে বলেন। ফলে সেখানে আর দলীয় কার্যালয় নির্মাণ করা হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সেখানে খাস খতিয়ানে দেড় শতাংশ জামি আছে যা মূল রাস্তার সাথে সংযুক্ত। সেখানে ফুটপাথ ছাড়া কোনো কিছু নির্মাণ করা সম্ভব নয়। দলীয় সাইনবোর্ড দিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ ওঠা আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান বলেন, বিগত ২০ বছর ধরে সেখানে ওয়ার্ড আওয়ামী লীগের অফিস ছিলো। সম্প্রতি মাপ জরিপে অফিসটি সরকারি জমিতে পড়েছে।
তাছাড়া কারোর ব্যক্তি মালিকানার জমিতে তার যাওয়ার ইচ্ছে নেই। তার দ্বারা কারোর কোনো ক্ষতি হবে না বলেও তিনি বলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীমুর রহমান বলেন, ওই জমির মালিক জামায়াত করে। গত ২০১৩ সালে জামায়াত শিবির ওই মোড়ে একটি দোকানসহ বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সেখানে গত ৩০ বছর ধরে ওয়ার্ড আওয়ামী লীগের অফিস আছে। ওই অফিসটি এখন সরকারি খাস জমির ওপরই পড়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।