বেসরকারি সংস্থায় কর্মরত রাইহানের সঙ্গে আলাপ হয় গার্গীর। অতঃপর বন্ধুত্ব রূপান্তরিত হলো প্রেমে। সময়ের সঙ্গে সঙ্গে গড়ে উঠল দুর্দান্ত বোঝাপড়া, সম্পর্কের প্রতি পারস্পরিক শ্রদ্ধা থেকে দু’জনে বিয়ে করার মনস্থির করলেন। বিয়ের প্রায় এক দশক অতিক্রান্ত। বাচ্চাকাচ্চাদের নিয়ে বেশ ভালোই আছেন তাঁরা।
সমাজের তথাকথিত ধর্মীয় বিধিনিষেধ তাঁদের ‘সঙ্গী বাছার অধিকারে’ হস্তক্ষেপ করতে পারেনি। রাইহান এবং গার্গীর মতোই এ ভাবে ভিন্নধর্মের বহুমানুষ বিভিন্ন সময়ে বৈবাহিক সম্পর্কে জড়িয়েছেন। আশেপাশে তো বটেই বলিউডে চোখ রাখলে এমন উদাহরণ প্রচুর। সুনীল দত্ত-নার্গিস জুটিই হোক, কিংবা বর্তমানে সইফ-করিনা, সোহা-কুণাল, পছন্দমতো সঙ্গী বাছার ক্ষেত্রে এঁরা ধর্মকে আমল দেননি। স্বাধীন দেশে কে কার সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হবেন, তা যেমন রাষ্ট্র ঠিক করে দিতে পারে না, তেমনই এই ব্যাপারে ধর্মীয় মাতব্বরদের নাক গলানোর কোনও অধিকার নেই। অথচ প্রেম আটকানোর ছুতোয় প্রেমিককে গণপিটুনি এবং প্রেমিকাকে হেনস্থার দৃশ্য এদেশে খুবই স্বাভাবিক ব্যাপার। জাতপাত এবং ধর্মীয় বিধিনিষেধ যুক্ত হলে তা ভয়ঙ্কর আকার নেয়।

সাম্প্রতিক অতীতে হিন্দিবলয়ে ঘটে যাওয়া ঘটনাগুলি এর প্রকৃষ্ট নিদর্শন। গত কয়েকবছর ধরে ‘লাভ জিহাদ’ প্রোপাগান্ডাকে হাতিয়ার করে বিদ্বেষের রাজনীতির পালে হাওয়া দেওয়ার কাজ চলছে। সঙ্ঘের নেতারা রীতিমতো পরামর্শ দিচ্ছেন বাড়ির মেয়েদের আগলে রাখতে, যাতে মেয়েরা ভিন্নধর্মী ছেলেদের সঙ্গে সম্পর্কে না জড়িয়ে পড়ে।

বিজেপি শাসিত রাজ্যে ভিন্নধর্মী বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনাও প্রকাশ্যে এসেছে। সভা-সমিতির মাধ্যমে ভিন্নধর্মে বিয়ে আটকানোর চেষ্টা আরএসএসের মূল অ্যাজেন্ডার অঙ্গ। এরই ভিন্নরূপ হিসেবে মুসলিম মহিলাদের অন্য ধর্মে বিয়ে করা নিয়ে ফতোয়া জারি করল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড। ল’বোর্ডের বিবৃতি অনুযায়ী, ‘মুসলিম মহিলারা যদি অন্য ধর্মে বিয়ে করেন, তবে শরিয়ত মতে তা বড় পাপ বা গুনাহর কাজ। এই পাপ কাজ ইসলামের পরিপন্থী। মুসলিম মহিলাদের ইসলাম ধর্মের অনুশাসনের মধ্যে থেকেই বিয়ের পাত্র নির্বাচন করা উচিত।’

যেহেতু ভিন্নধর্মে বিয়ের অনুমতি ইসলাম দেয় না, তাই শরিয়ত অনুযায়ী শুধু মহিলাদেরই নয়, মুসলিম পুরুষদেরও নিজ ধর্মের মহিলাদের বিয়ে করা উচিত। ধর্মের বাইরের মুসলিম ছেলেমেয়ে উভয়ের বিয়েকে ‘ভুল প্রবণতা’ বলে অভিহিত করে ল’বোর্ড জানিয়েছে, ‘একজন মুসলিম যদি অমুসলিমকে বিয়ে করে, তাহলে সে সারাজীবন অন্যায়ের ভার বহন করবে।’ ফতোয়ার ব্যাপারে ল’বোর্ডের যুক্তি, দেশে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যেখানে মুসলিমরা অমুসলিমদের বিয়ে করে ভোগান্তির শিকার হয়েছেন। ধর্মের বাইরে বিয়ে করে যাতে বিপাকে পড়তে না হয়, তাই এই ফতোয়ার অবতারণা। এছাড়া নিজ সন্তানদের মোবাইল ফোনে নজর রাখার জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে। অপ্রত্যাশিতভাবে মেয়েদের কো-এড স্কুলের পরিবর্তে মেয়েদের স্কুলে পড়ানো, এমনকী দ্রুত বিয়ে দেওয়ার প্রসঙ্গও উঠে এসেছে। যার একমাত্র উদ্দেশ্য মুসলিম জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে স্পষ্ট বার্তা দেওয়া।

বড় অদ্ভুত এই ধর্মীয় বিধিনিষেধ, যা মানুষকে মানুষ হিসেবে ভালোবাসার পথে বড় অন্তরায়। বিদ্বেষ আর ধর্মীয় হানাহানির বিপরীতে সম্প্রীতি এবং সহাবস্থানের দরজা খুলে দিতে পারে ভিন্নধর্মী বিবাহগুলি। ধর্মের ঊর্ধ্বে গিয়ে বেঁধে দিতে পারে নিবিড় আত্মীয়তায়। অথচ একদিকে লাভ জিহাদের অভিযোগ তুলে সঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে সঙ্ঘের চোখরাঙানি। উল্টোদিকে মুসলিম ল’বোর্ডের ভিন্নধর্মী প্রেমের বিরুদ্ধে ফতোয়া। বৈবাহিক সম্পর্কে সীমারেখা তৈরিতে বড় অদ্ভুত মিল দুটি ভিন্ন মেরুর। যেন এক অনন্য অদৃশ্য কোলাকুলি।

একটা ভালোবাসার দেশ খুব জরুরি, যেখানে কোনও রুকসানার হাতে হাত রেখে সংসারস্বপ্ন বুনবে রোহিত, শফকতের চোখে চোখ রেখে নির্বিঘ্নে ভালোবেসে ফেলবে উজান। লাভ জিহাদ, ঘর ওয়াপসির মতো বেয়াড়া শব্দগুলো স্থান পাবে আস্তাকুঁড়ে। পছন্দমতো সঙ্গী বাছার অধিকারকে চোখ রাঙিয়ে শাসাতে পারবে না কোনও ধর্মের বেড়াজাল।