জাতীয় উন্নয়ন তথা সমৃদ্ধ অর্থনীতি ও গতিশীল সমাজ সৃষ্টিতে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই। আর দক্ষ মানবসম্পদ সৃষ্টির মাধ্যমই হচ্ছে শিক্ষা। দক্ষ ও সুশিক্ষিত জনগোষ্ঠীর ভিত্তিই হচ্ছে প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষাকে ফলপ্রসু ও অর্থবহ করতেই বর্তমান সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১৩ সালে ইতিহাসে দ্বিতীয়বারের মতো এক সাথে ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় এবং এক লাখ চার হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে জাতিসংঘ ঘোষিত ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার বিষয়ে এসডিজির লক্ষ্য পূরণে দৃঢ় প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে দেশ।

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনের প্রয়াসে বাস্তবমুখী পদক্ষেপও গ্রহণ করে চলেছে সরকার। তারই ধারাবাহিকতায় প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগত মানোন্নয়নের মাধ্যমে সবার জন্য প্রাথমিক, একীভূত ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের নেতৃত্বে কাজ করে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, মানসম্মত প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীর কাঙ্ক্ষিত অনুপাত অর্জন করতে সাম্প্রতিক বছরগুলোতে ৩৮ হাজার ২৩৯ জন শিক্ষক নিয়োগ করেছে এবং নির্মাণ করেছে ৩৯ হাজার ৫০০টি শ্রেণিকক্ষ। শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতন করে গড়ে তুলতে ও শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ১৯ হাজার ৯০০টি নলকূপ স্থাপন ও ২৩ হাজার ৩৯০টি ওয়াশব্লক নির্মাণ করা হয়েছে একই সময়ে। এ ছাড়া প্রতি বছরের ১ জানুয়ারি সকল শিক্ষার্থীকে বিনামূল্যে চার রঙে মুদ্রিত পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।

এদিকে ২০১৭-১৮ অর্থবছর থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রাপ্যতাযোগ্য সকল শিক্ষার্থীর মায়ের একাউন্টে উপবৃত্তির অর্থও প্রদান করে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিশুদের পুষ্টিহীনতা ও স্বাস্থ্যঝুঁকি হ্রাস করতে ১০৪ উপজেলায় চালু করা হয়েছে স্কুল ফিডিং কার্যক্রম। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন ১২টি পিটিআই স্থাপন করা হয়েছে। প্রতিবছর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান’ বাস্তবায়নের জন্য বাৎসরিক ৫০ হাজার থেকে এক লাখ টাকা করে বরাদ্দ প্রদানও অব্যাহত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে যথাক্রমে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় ‘মৌলিক সাক্ষরতা প্রকল্পের (৬৪ জেলা) প্রথম ধাপে ৬৩ জেলায় ১৩৮ উপজেলায় ৩৯ হাজার ৩১১ শিখন কেন্দ্রের মাধ্যমে ২৩ লাখ ৫৯ হাজার ৪৪১ জন নিরক্ষর নারী-পুরুষকে সাক্ষরতা প্রদান করা হয়েছে বলেও জানা গেছে মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে। তবে প্রাথমিক ও জীবনব্যাপী শিক্ষা নিশ্চিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে এতোসব সফল কার্যক্রমের বিপরীতে একাধিক চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হচ্ছে বলে বলছেন সংশ্লিষ্টরা। এর মধ্যে চলমান বৈশ্বিক মহামারি করোনায় বিপর্যস্ত পরিস্থিতি সামাল দিয়ে স্বাভাবিক পাঠদান কার্যক্রমে ফিরে যাওয়া এবং শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখাই অন্যতম। এ ছাড়া মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ এবং ঝরে পড়ার হার হ্রাসকরণের চ্যালেঞ্জ তো রয়েছেই। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষক নিয়োগ, ভবন-শ্রেণিকক্ষ নির্মাণ ও সংস্কারের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী এবং শ্রেণিকক্ষ-শিক্ষার্থীর কাঙ্ক্ষিত অনুপাত অর্জন নিশ্চিত করার পাশাপাশি দরিদ্র ও অসচ্ছল অভিভাবকরা তাদের শিশুদের বিদ্যালয়ে প্রেরণে উদ্বুদ্ধ করার চ্যালেঞ্জও শুরু থেকেই মোকাবিলা করে আসছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে Covid-19 Response and Recovery Plan- বাস্তবায়নের মাধ্যমে সংকটকালীন রিমোট লার্নিং প্ল্যাটফর্মের দ্বারা পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ২০২৩ সালের মধ্যে Civil Registration and Vital Statistics (CRVS) এর সাথে সম্পৃক্ততা বজায় রেখে সকল শিক্ষার্থীর ছবিসহ আইডি কার্ড ও ডাটাবেজ প্রণয়নের পরিকল্পনাও রয়েছে। পর্যায়ক্রমে সকল দুই শিফটের বিদ্যালয়কে এক শিফটে রূপান্তর করে শিক্ষণ-শেখন সময় বৃদ্ধি করা হবে। এ ছাড়া ২০২৩ সালের মধ্যে জাতীয় শিক্ষানীতি, ২০১০-এর আলোকে প্রাক-প্রাথমিক স্তর এক বছর থেকে দুই বছরে উন্নীত করা, ২০২৩ সালের মধ্যে প্রাথমিক বিদ্যালয় বহির্ভূত ও ঝরে পড়া ৮-১৪ বছর বয়সি ১০ লাখ শিক্ষার্থীর দ্বিতীয় বারে প্রাথমিক শিক্ষার সুযোগ সৃষ্টি ও মূল ধারায় সংযুক্ত করার পরিকল্পনা নিয়েও এগোচ্ছে মন্ত্রণালয়। এ ছাড়া চলতি অর্থবছরে প্রাপ্যতাযোগ্য শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান, আগামী বছরের ১ জানুয়ারি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ডিজিটাল পদ্ধতিতে পরিচালনার লক্ষে ২০২২ সালের ৩১ মে নাগাদ ইন্টিগ্রেটেড ড্যাসবোর্ড প্রচলন, পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য ২৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণ প্রদান, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল লেভেল ইম্প্রুভমেন্ট প্ল্যান বাস্তবায়ন এবং দেশের ২১ লাখ নিরক্ষর ব্যক্তিকে সাক্ষরজ্ঞান প্রদানের লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।