শেরপুরের নালিতাবাড়ীতে ১১০০ (এগারশত) পিস ইয়াবাসহ মোঃ কামাল হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

অভিযুক্ত মাদক ব্যবসায়ী কামাল হোসেন নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে। ২৫ আগষ্ট বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার পলাশিকুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় পুলিশের সহযোগিতায় তার কাছ থেকে ১১শ পিস্ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা ও পুলিশ ফোর্সের অভিযানে উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৩,৩০,০০০ (তিন লক্ষ ত্রিশ) হাজার টাকা।

এসময় অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা পরিদর্শক মোঃ এনামুল হক, উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ। এতে সহযোগিতা করেন শেরপুর জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয় ও পুলিশ ফোর্স বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালায়। এমসয় উপজেলার পলাশিকুড়া এলাকায় কামাল হোসেনকে ইয়াবাসহ আটক করা হয়। পরে দুপুরে নালিতাবাড়ী থানায় পরিদর্শক মোঃ এনামুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করেন, উক্ত আসামী শেরপুর জেলার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে শেরপুর জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেন। বিকালে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।