সন্তানের জন্ম দিলেন নুসরত জাহান। কলকাতার এক বেসরকারী হাসপাতালে বুধবার ভর্তি হয়েছিলেন তিনি। মা এবং ছেলে ভাল আছে। সন্তান জন্ম নেওয়ার সময় তাঁর ইচ্ছে অনুসারে যশ ছিলেন তাঁর সঙ্গে। তাঁর সবচেয়ে কাছের মানুষ হিসেবে নুসরতের মা হওয়ার পুরো পর্যায়েই যশ তাঁর সঙ্গী ছিলেন। খেয়াল রেখেছিলেন নুসরতের। কিন্তু নিজে এই বিষয়ে কোনও দিন মুখ খোলেননি।

মা হওয়ার পর্যায়ে মহিলাদের অধিকার বুঝে নেওয়ার লড়াইয়ে সামনের সারিতে এসে দাঁড়িয়েছেন নুসরত। তিনি জানিয়েছিলেন ব্যঙ্গ, বিদ্রুপ, ঘৃণার প্রবল বাণের মুখে দাঁড়িয়ে তাঁর জীবনের কথা, সিদ্ধান্তের কথা। তাঁর প্রাক্তন সহবাস সঙ্গী নিখিল জৈনের নাম না করে তিনি বলেছিলেন দাম্পত্য বিষাক্ত হতে শুরু করলে সেখান থেকে বেরিয়ে আসা উচিত।

নুসরতের মতে, কেবলমাত্র সমাজের চোখরাঙানির ভয়ে প্রতিবাদ না করলে নিজে ভাল থাকা যাবে না। নিজের পছন্দ আর ইচ্ছেকেই যে প্রত্যেক মহিলাকে প্রাধান্য দিতে হবে, এই কথাই বার বার নেটমাধ্যমে বলতে চেয়েছেন নুসরত। তবে তাঁর সন্তানের পিতৃপরিচয় নিয়ে তিনি কোনও দিন মুখ খোলেননি।

নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে নিখিল আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন তিনি এই বিষয়ে কিছুই জানেন না। তিনি বলেন,”নুসরতের সঙ্গে দীর্ঘ দিন আমার কোনও সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।” তবে তাঁর অত্যন্ত ঘনিষ্ঠমহল থেকে জানা গিয়েছে এই সন্তানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত।