তাড়াশ,(সিরাজগঞ্জ) প্রতিনিধি, মোঃ শাহিন আলম: বাংলাদেশের উত্তর-জনপদের আদিবাসীদের সবার কাছে কারাম সবচেয়ে বড় উৎসব। প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে কারাম উদযাপন। এই উৎসবটি নির্দিষ্ট একটি দিনে হয় না।
একেক স্থানে একেক সময় কারাম হয়ে থাকে। সিরাজগঞ্জের তাড়াশে নওগাঁ ইউনিয়নের নওগাঁ গ্রামে সোমবার ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে পালিত হলো উৎসবটি। তাড়াশ উপজেলার নওগাঁয় মূলত ভূমিজ আদিবাসীরা এই উৎসবের আয়োজন করে।আদিবাসী কিশোরীরা অপরুপ সাজে সেজে নানান ফুল, ফল আর পিঠেপুলির ডালা সাজিয়ে শুরু করে অর্চনা। রাতের বেলায় শুরু করে সূর্যোদয় পর্যন্ত সম্মিলিতভাবে ভাদরিয়া ঝুমুর গানে নেচে-গেয়ে উৎসব পালন করেন। ঢোল আর ঝুমুরের তালে মুখরিত হয়ে উঠে গ্রামটি। এই নাচে সকল বয়সের নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ভূমিজ ছাড়াও স্থানীয় মাহাতো, লোহার, মুন্ডা সম্প্রদায়ের আদিবাসী ঝুমুরে অংশ নিতে এসেছিল।জাওয়া প্রস্তুতের মধ্য দিয়ে শুরু হয় কারাম পরবের প্রস্তুতি। ভূমিজ জাতিসত্তার নারীরা পাঁচদিন আগে জাওয়া জাগানোর জন্য ডালা প্রস্তুত করে স্বযত্নে রেখে দেয়।
যারা জাওয়া জাগায় বা ডালা রাখে তাদের বলা হয় করমতি। করমতিরা কারাম পূজার দিন ডালা নিয়ে কারাম ডালের চারিদিকে গোল হয়ে বসে। এরপর পাহান কারাম কিচ্চা বলতে বলতে কারাম পূজা সম্পন্ন করেন। পূজার দিন করমতিরা উপবাস থাকে এবং পুজা শেষ করে খাদ্যদ্রব্য গ্রহণ করে। এরপর শুরু হয় নিজস্ব নৃত্যগীত। সারারাত ধরে চলে নৃত্য-গীত। পরদিন সকালে কারাম ডাল বিসর্জন করার পর কারাম পূজার সমাপ্তি হয়। কথিত আছে কারাম আসলে শক্তি ও যৌবন কিংবা সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক। কারাম পূজা বিভিন্ন আদিবাসী জাতিসত্তার ঐতিহ্যবাহী অন্যতম ধর্মীয় পুজা ও উৎসব। সমতলের ভূমিজ, বেদিয়া, কুর্মি, ওঁরাও, মুন্ডা, লোহার, গঞ্জু, ঘাসিমালো, সাঁওতাল সহ বিভিন্ন আদিবাসী জাতিসত্তার মানুষ কারাম উৎসব পালন করে থাকে। আদিবাসী ছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা’র সাধারণ সম্পাদক চৈতন্য সিং জানান, খোলা মাঠে কারাম গাছের ডাল পুঁতে তাতে শাপলা সহ নানা ধরনের ফুল বেঁধে দেওয়া হয়। উৎসবে পরিবার ও জগতের মঙ্গল কামনায় মেতে ওঠে নারী ও পুরুষ। ঐতিহ্যবাহী কারাম উৎসবে ঢোল আর ঝুমুরের তালে মাতোয়ারা হয়ে রাতভর উৎসব পালিত হয়।