আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুন্দুজে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) জুমার নামাজের সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিবিসি সূত্রে এতথ্য জানা যায়। 

এক টুইটে তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেছেন, শিয়া মসজিদে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে হতাহতের খবর পাওয়া গেছে। তবে বিস্ফোরণের ঘটনা তদন্তে একটি বিশেষ টিম ঘটনাস্থলে যাচ্ছে বলেও জানান তিনি। হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

সম্প্রতি রাজধানী কাবুলের একটি মসজিদসহ বেশ কয়েকটি স্থানে বোমা হামলার ঘটনা ঘটেছে। এগুলোর বেশ কয়েকটি দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট।