সরকারি অনুদানপ্রাপ্ত ‘গলুই’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে জামালপুরে গিয়েছিলেন বর্তমান সময়ের ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এতে তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন নায়িকা পূজা চেরী।

জানা যায়, সেখানে শাকিব খানের শুটিং দেখতে নিয়ে না যাওয়ায় স্বামীর ওপর অভিমানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন জামালপুরের এক গৃহবধূ। বিষয়টি পরে শাকিব খানের কান পর্যন্ত পৌঁছায়।

আর এমন ঘটনা জানতে পেরে শাকিব খান বলেন, ঘটনাটা আমি শুনেছি। মন খারাপ হয়েছে খুব। এটা কখনোই কাম্য নয়। কোনো মানুষেরই এমনটা করা উচিত নয়। জীবন সবার আগে। তারপর আবেগ ইমোশন।  স্থানীয় প্রশাসনকে ওই দম্পতিকে আমাদের শুটিং সেটে নিয়ে আসতে বলেছি। কিছুটা সময় তাদের সঙ্গে কাটাতে চাই। এমন পাগলামিতে ভরা ভালোবাসার জন্যই আমি আজকের আমি হয়েছি

অবশেষে সেই গৃহবধূ শাকিব খানের দেখা পেয়েছেন। শুধু দেখাই নয়, প্রিয় নায়কের সঙ্গে গল্প করার সুযোগও পেয়েছেন।

শুক্রবার বিকেল ৪টার দিকে সেই গৃহবধূর পুরো পরিবার এসেছিলেন শাকিব খানের শুটিং দেখতে। এ সময় শাকিব খানসহ পুরো শুটিং ইউনিট বেশ কিছু সময় কাটান সেই পরিবারের সঙ্গে। শাকিব খান ওই গৃহবধূর সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।

সে সময় শাকিব খান ভক্তদের হাসিমুখে সতর্কবার্তা দিতে গিয়ে বলেন, যা হয়েছে, হয়েছে। সামনে যেন এমন আর কোনো ঘটনা যাতে না ঘটে। সবার আগে জীবন। এমন পাগলামি যেন আর কোনো ভক্ত না করে সেই অনুরোধ রইল আমার। ভক্তরা সারাজীবন ভালোবাসবে। আমিও তাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।