আসন্ন দীপাবলিতে মুক্তি পাচ্ছে রোহিত শেট্টি পরিচালিত সিনেমা ‘সূর্যবংশী’। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা। সেই সিনেমার প্রচারেই বিগ বসের ১৫তম সিজনের চলতি সপ্তাহের এপিসোডে দেখা যাবে ক্যাটরিনা কাইফ ও রোহিত শেট্টিকে।

এই এপিসোডের একটি প্রোমোতে সালমানের বিরুদ্ধে ক্যাটরিনাকে অভিযোগ করতে দেখা গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সালমানের সঙ্গে একটি মজার খেলায় অংশ নেন ক্যাটরিনা।

আর এতে বিচারকের ভূমিকা পালন করছেন রোহিত। সেখানে সালমানকে নিয়ে ক্যাটরিনা অভিযোগ করেন, ‘ইনি শুটিংয়ে সব সময় দেরি করে সেটে আসেন।’ অভিযোগ স্বীকার করে বলে ওঠেন, ‘কবুল হ্যায়’।

এখানেই শেষ নয়, ক্যাটরিনার অভিযোগ- অন্য কারও নাচের স্টেপ ফলো করেন না ভাইজান। সালমান সেটিও স্বীকার করে নেন। ৩০ সেকেন্ড তার চোখের দিকে নিজের প্রশংসা করতে বলেন ক্যাটরিনা।

তখন সালমান বলেন, আপনার প্রশংসা যত কম করব, সেটিই যথেষ্ট। এরপর ক্যাটরিনা অভিযোগ করেন, সালমান সবসময় বেশি সিরিয়াস থাকেন। এপিসোডের আরেকটি ভিডিওতে দেখা যায়, সালমানকে গান গাওয়ার নির্দেশ দেন ক্যাটরিনা। তাতেও রাজি হয়ে যান সালমান।