রোববার (৩১ অক্টোবর) ইতালিতে জি-২০ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তুরস্কের প্রসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বৈঠক করেছেন। বৈঠকে মানবাধিকার ও এফ-১৬ যুদ্ধবিমানের বিষয়ে আলোচনা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, ইতিবাচক পরিবেশে বৈঠকটি হয়েছে।

দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক ইস্যুতেও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। অন্যদিকে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, প্রতিরক্ষা অংশীদারত্বের ও ন্যাটোর মিত্র হিসেবে তুরস্কের গুরুত্বের কথা বলেন বাইডেন। তবে রাশিয়ার কাছ থেকে তুরস্ক যে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করেছে তা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।

তুরস্কে কারাবন্দি ব্যবসায়ী ওসমান কাভালার মুক্তি চাওয়ায় গত ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্সসহ ১০ দেশের রাষ্ট্রদূতকে বহিস্কারের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট এরদোয়ান। এই ঘোষণায় পাশ্চিমা রাষ্ট্রগুলোর সাথে তুরস্কের মুখোমুখি অবস্থা তৈরি হয়েছিল। পরবর্তীতে তুরস্কের প্রেসিডেন্ট তার নির্দেশনা প্রত্যাহার করায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।