একদিকে চলছে ঐতিহাসিক জলবায়ু সম্মেলন কপ-২৬, অন্যদিকে বিক্ষোভ। শুক্রবার স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ুবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের ডাকে ‘ফ্রাইডে ফর ফিউচার’ ব্যানারে বিক্ষোভে অংশ নেন শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ।

সমবেতদের উদ্দেশে তিনি বলেন, মানুষের বুঝতে আর বাকি নেই যে, কপ-২৬ পুরোপুরি ব্যর্থ হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় নিয়ে বিশ্বের প্রায় দুইশ’ দেশের রাষ্ট্র প্রধানদের নিয়ে চলছে জলবায়ু সম্মেলন।

ইতোমধ্যে কার্বন নিঃসরণ কমিয়ে আনতে বেশ কয়েকটি দেশ ইতিবাচক সিদ্ধান্ত নিলেও একে যথেষ্ট মনে করছেন না অনেকে।

বিশেষ করে বিশ্বের অধিক কার্বন নির্গমন দেশের মধ্যে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আশানুরূপ প্রতিশ্রুতি এখনও দেয়নি। পরিস্থিতি যখন এমন, তখন গ্লাসগোতে বহু তরুণ-তরুণী বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

পৃথিবীর সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে গ্লাসগোতে জড়ো হন তারা। সেখানে অংশ নেন গ্রেটা থুনবার্গও।