গ্রামের প্রাকৃতিক পরিবেশের মতো সুন্দর এখানকার মানুষও। আর তাই গ্রামে নেই চুরি, ডাকাতি বা মাদকের ছোবল। সুখে-দুঃখে পরস্পরের পাশে দাঁড়ানো তাদের মূল বৈশিষ্ট্য।

এমন এক আদর্শ গ্রাম নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া। অবাক করা তথ্য হলো, গত ২০০ বছরেও এই গ্রামে পুলিশ আসার প্রয়োজন হয়নি।

জেলা সদর থেকে ৩৭ কিলোমিটার এবং সিংড়া থানা সদর থেকে ১২ কিলোমিটার দূরে ছায়াঢাকা ও শান্ত এক গ্রাম হুলহুলিয়া। চলনবিলবেষ্টিত এ গ্রাম ১৩টি এলাকা নিয়ে গঠিত। গ্রামের আয়তন প্রায় দুই বর্গকিলোমিটার।

এই গ্রামে শিক্ষার হার ও স্যানিটেশন-ব্যবস্থা প্রায় শতভাগ। এ গ্রামে জনসংখ্যা প্রায় ৬ হাজার, ভোটার সংখ্যা ২ হাজার ৬০০।

এ গ্রামে রয়েছে একটি মসজিদ, মন্দির, কওমি মাদরাসা, ডাকঘর, উপস্বাস্থ্য কেন্দ্র, একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চবিদ্যালয়। এ উচ্চবিদ্যালয়ে রয়েছে ছাত্র সংসদ।