কিছুদিন আগেই বিবাহ নিয়ে একটি বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। সম্প্রতি এক অনুষ্ঠানে বিয়ের ব্যাপারে নিজের অনাগ্রহ প্রকাশ করেছিলেন এই নারী।

কিন্তু গতকাল মঙ্গলবার (৯ নভেম্বর) সবাইকে অবাক করে হঠাৎই বিয়ে করেছেন মালালা। বিয়ের কথা সবাই জেনে গেলেও প্রশ্ন থেকে যায়, কাকে বিয়ে করলেন তিনি? টুইট করে নিজের বিয়ের কথা জানিয়ে মালালা স্বামী ও মা-বাবার সঙ্গে বেশ কয়েকটি ছবি যুক্ত করেন। স্বামীর বিস্তারিত পরিচয় না দিয়ে তিনি তার নাম লিখেন ‘আসার’।

পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের বার্মিংহামের বাড়িতে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করা মালালার স্বামী পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হাই পারফরমেন্স বিভাগের জেনারেল ম্যানেজার।

সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডইনে মালালার স্বামী আসার মালিকের প্রোফাইলে বলা আছে, ২০২০ সালের মে মাসে তিনি পিসিবিতে যোগ দেন। এর আগে তিনি পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানের অপারেশনাল ম্যানেজারের দায়িত্বে ছিলেন।

তিনি একটি খেলোয়াড় ব্যবস্থাপনা এজেন্সিও পরিচালনা করতেন। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, আসার মালিক ২০১২ সালে লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন।