চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন- চীন ঘোষণা করেছে যে, এই বছরের মধ্যে বিশ্বকে মোট ২০০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে এবং এ পর্যন্ত ১১০ টিরও বেশি দেশে অনুদান সহ ইতিমধ্যেই আমরা ১৭০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করেছি।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এপেক) এর ২৮ তম শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে নিজ বক্তব্যে তিনি এমন তথ্য জানান।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডার্নের আহ্বানে কোভিড-১৯ মহামারী ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওপর এর অর্থনৈতিক প্রভাব সম্পর্কিত আলোচনার জন্য শুক্রবার এপেক নেতাদের ওই ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এ বছর চীন এপেক-এ যোগদানের ৩০ তম বার্ষিকী পালন করছে। চীনের জন্য সংস্কার ও উন্মুক্তকরণকে গভীরতর করার এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে অর্থনৈতিক সহযোগিতা প্রসারিত করার তিন দশক হয়েছে।