বেনাপোল কাস্টম হাউজে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব ঘাটতি হয়েছে ৩১২ কোটি ৬৪ লাখ টাকা। এই চার মাসে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৪৯৭ কোটি ৫৪ লাখ টাকা।

এর বিপরীতে আদায় হয়েছে এক হাজার ১৮৪ কোটি ৯ লাখ টাকা। তবে ২০২০-২১ অর্থবছরের প্রথম চার মাসের চেয়ে ৫৪ কোটি টাকা বেশি আদায় হয়েছে।

ওই বছরে আদায় হয়েছিল এক হাজার ১৩০ কোটি ৪০ লাখ টাকা। জাতীয় রাজস্ব বোর্ড আমদানি পণ্য থেকে চলতি অর্থ বছরে বেনাপোল কাস্টমস থেকে ছয় হাজার ২৪৫ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।

২০২০-২১ অর্থবছরে বেনাপোল বন্দরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ছয় হাজার ২৪৪ কোটি ৬২ লাখ টাকা। অর্থবছর শেষে আদায় হয়েছিল চার হাজার ১৪৩ কোটি টাকা।

বছরটিতে রাজস্ব আয় অন্যান্য সময়ের চাইতে বেশি হলেও ঘাটতি ছিল দুই হাজার ৫৭ কোটি টাকা।