বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার ছেলে রিশাদ হুদাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিশাদ হুদা ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক। আর নাজিম আহমেদ ধানমণ্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি।

শাহবাগ থানায় দায়ের করা মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বিকাল ৪টার দিকে রিশাদ নালারপাড় থেকে শাহবাগ মোড়ের দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি গাড়ি সড়কের বাঁয়ের দিকে সরে আসে। এসময় রিশাদ হর্ন দিলে গাড়ি থেকে নাজিমসহ দুই জন নেমে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার হেলমেট খুলে সেটি দিয়ে তাকে মারধর করেন।

এসময় লোকজন জড়ো হয়ে গেলে রিশাদের মোটরসাইকেলের চাবি নিয়ে নেন নাজিম। পরে তাকে আজিজ সুপার মার্কেটের সামনে যেতে বলে দ্রুত সেখান থেকে চলে যান।

ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ জানায়, মার্কেটের সামনে গেলে নাজিম দোকান মালিক সমিতির অফিস চার তলায় রিশাদকে যেতে বলে। এরপর রিশাদ চার তলায় সমিতির অফিসের কাছে গেলে নাজিমের ডাকে কলাবাগান থেকে আসা কয়েকজন যুবক তাকে মারধর করে এবং মোবাইল নিয়ে ভেঙে ফেলে। এসময় তাকে জীবননাশের হুমকি দেয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার গণমাধ্যমকে জানান, রিশাদ হুদাকে মারধরের অভিযোগে নাজিম আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় তানভীর, ইউসুফ ও ইকবালের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন রিশাদ। এ ঘটনায় দায়ের করা এজাহারে রিশাদ হুদা নিজের সাংবাদিক পরিচয় কিংবা তার বাবা বাংলা একাডেমির মহাপরিচালক, সেই পরিচয় দেননি বলে পুলিশ জানিয়েছেন।